বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান এমপি শুক্রবার বলেছেন, প্রশাসনকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে।
প্রধান অতিথির বক্তব্য
পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে আধুনিক বহুমুখী অডিটোরিয়ামে জিআর চাল ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি বলেন, জাতীয় নীতি নির্ধারণের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের, আর সরকারি কর্মকর্তাদের কাজ সেই নীতি বাস্তবায়ন করা। সরকারি কর্মকর্তাদের নীতি নির্ধারণের কাজ নয়।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা
মইন খান অভিযোগ করেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের সময় প্রশাসনকে রাজনীতিকরণ করা হয়েছিল এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে, যা দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে ব্যবহার করা যেত।
সহায়তা বিতরণ
আলোচনা শেষে মইন খান শতাধিক দরিদ্র ও অসহায় উপকারভোগীদের মধ্যে জিআর চাল ও নগদ সহায়তা বিতরণ করেন।
পলাশ উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলার সহকারী কমিশনার রাখিন মাশরুর খান, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও পলাশ থানা যুবদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল।



