নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামি বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমি আমার আল্লাহকে ভয় করি.. গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে— দ্বিতীয় বিয়ে।’
কাসেমী যেভাবে মাদানীর শ্বশুর হলেন
শরিয়াহভিত্তিক আইডিয়াল ম্যারেজ ব্যুরো ও কনসালটেন্টের প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী কীভাবে রফিকুল ইসলাম মাদানীর শ্বশুর হলেন— বিষয়টি নিয়ে বুধবার (৬ মে) দুপুর ১২টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোস্ট দিয়েছেন। এ নিয়ে নেট দুনিয়ায় চলছে আলোচনা-সমালোচনা।
কাসেমী লেখেন, অনেকের প্রথম লাইনটা বুঝতে কষ্ট হচ্ছে, একটু খুলে বলি... হাফেজ ইমাম উদ্দিন সাহেব, তিনি আমার বড় চাচার জামাই। তাই তিনি আমার দুলাভাই। তার দ্বিতীয় স্ত্রীর মেয়ের সঙ্গে আমার বিবাহ হয়, তাই তিনি আমার শ্বশুর। তার বড় স্ত্রীর বড় ছেলে আমার দ্বিতীয় স্ত্রীর বোন বিবাহ করেছে, তাই তিনি আমার তালই। এদিকে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব মাসনা হিসেবে বিবাহ করেছেন হাফেজ ইমাম উদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। সে হিসেবে তারা দুজন এখন ভায়রা ভাই। বলতে গেলে, অবশেষে মাদানী ভাইও আমার শ্বশুর হয়ে গেলেন। শ্বশুরের ভায়রা ভাই শ্বশুরই তো হবে।
কাসেমীর ৯টি বিয়ে ও গ্রেফতার
মামুনুর রশিদ কাসেমী এ পর্যন্ত মোট ৯টি বিয়ে করেছেন বলে জানা যায়। এ ঘটনায় ২০২৩ সালের নভেম্বর মাসে নারীদের সঙ্গে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে (নারী ও শিশু নির্যাতন দমন আইন) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের তথ্যমতে, তার করা ৯টি বিয়ের মধ্যে বর্তমানে চারজন স্ত্রী তার সঙ্গে রয়েছেন। এছাড়া তিনজন তাকে তালাক দিয়েছেন এবং বাকি দুজনের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।



