বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের সরকারি উদ্যোগকে জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
জীবনযুদ্ধে ক্লান্ত মানুষের ওপর কর আরোপ অনুচিত
পোস্টে জামায়াত আমির বলেন, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন। করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়।’
সরকারকে সরে আসার আহ্বান
কর আরোপকে জনস্বার্থবিরোধী উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আশা করি সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।’ ডা. শফিকুর রহমানের এই বক্তব্যে মোটরসাইকেল চালক ও মালিকদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার পোস্ট শেয়ার করে সমর্থন জানিয়েছেন।



