রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) অফিসে পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই করে দরপত্র বের করে দেখার ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মহানগরীর শাহ মখদুম থানার ওসি কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বাক্স ছিনতাইয়ের ওই ঘটনায় বুধবার রাতে আরডিএর পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এটি তদন্ত করে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যুবদলের দুই নেতা বহিষ্কার
এ ঘটনায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজশাহী মহানগর যুবদলের এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের কথা জানানো হয়। বহিষ্কৃত দুজন হলেন— রাজশাহী মহানগরের ১৮ নম্বর ওয়ার্ড (দক্ষিণ) যুবদলের আহ্বায়ক মো. ধলু ও ১৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম-আহ্বায়ক আজিজুল ইসলাম।
যুবদলের বহিষ্কারাদেশে বলা হয়, রাজনৈতিক পরিচয়-প্রভাবে পেশিশক্তি প্রদর্শন করে আরডিএ অফিসে টেন্ডার নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সুস্পষ্ট অভিযোগে প্রাথমিক সদস্যসহ তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। এতে আরও বলা হয়, বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকেও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ঘটনার বিবরণ
উল্লেখ্য, কিছু পুরনো জিনিসপত্র বিক্রির জন্য সম্প্রতি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে আরডিএ। গত ২৭ এপ্রিল থেকে দরপত্র গ্রহণ শুরু হয়। মঙ্গলবার (৫ মে) দুপুর ১টা পর্যন্ত দরপত্র দাখিলের শেষ সময় ছিল। শেষ দিন সকাল থেকেই টেন্ডার বাক্সের পাশে পুলিশ ছিল। যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা দরপত্র জমা দিতে গিয়ে দাবি করেন, আগে যেসব দরপত্র বাক্সে পড়েছে সেগুলো বাদ দিতে হবে। এখন শুধু তারাই দরপত্র দাখিল করবেন। একপর্যায়ে তারা পুলিশের সামনেই টেন্ডার বাক্স নিয়ে অফিসের করিডরে চলে যান। পরে টেন্ডার বাক্স থেকে আগের দরপত্রগুলো বের করা হয়। পরে বাক্সটি পুলিশকে ফেরত দেওয়া হয়।



