মনিরা শারমিনের বিষয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে ইসি
মনিরা শারমিনের বিষয়ে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে ইসি

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মনিরা শারমিনের বিষয়ে আদালত থেকে কোনও তথ্য আসে কিনা— তা আজ সন্ধ্যা পর্যন্ত দেখবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যদি এসময়ের মধ্যে তার বিষয়ে কোনও তথ্য না আসে তাহলে এনসিপির যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করবে সংস্থাটি।

সোমবার (৪ মে) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

গতকাল মনিরা শারমিন ইসিকে চিঠি দেন। যেখানে তিনি তার দায়েরকৃত মামলাটির শুনানি না হওয়া পর্যন্ত নারী আসনের অন্য প্রার্থীর যেন কোনও গেজেট না হয়— সেই অনুরোধ জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এই বিষয়ে জানতে চাইলে আব্দুর রহমানেল মাছউদ বলেন, “আদালতের কোনও তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি। মনিরা শারমিনের চিঠিতে তো কিছু যায় আসে না। আমরা আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবো। এর মধ্যে যদি তার বিষয়ে কোনও তথ্য না আসে তাহলে আমরা নুসরাত তাবাসসুমের নামে গেজেট প্রকাশ করবো।”

তিনি আরও বলেন, “মনিরা শারমিন চিঠিতে কোনও কজ লিস্ট উল্লেখ করেননি। কখন শুনানি হবে, আজ হবে নাকি পরশু হবে কিছুই জানাননি। তাহলে আমরা কতক্ষণ অপেক্ষা করতে পারি। তারপরও আমরা সন্ধ্যা পর্যন্ত দেখবো। তারপর সিদ্ধান্ত নেবো।”

গেজেট প্রকাশের পর মনিরার বিষয়ে যদি আদালত কোনও আদেশ দেয় তাহলে ইসি কী সিদ্ধান্ত নেবে জানতে চাইলে রহমানেল মাছউদ বলেন, “মনিরা শারমিন যদি আদালতের আদেশ আনতে পারে তাহলে আমরা সেটা দেখবো। আদেশ হলে আমরা কোনও আপিল করবো না। সে যদি আদেশ নিয়ে আসে তারটা আমরা ক্যারি আউট করবো। কিন্তু গতকাল পর্যন্ত তিনি আসেননি— আজ এখন পর্যন্ত আসেনি। তাই সন্ধ্যার মধ্যে না আসলে আমরা ঘোষণা দিয়ে দেবো।”

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ