চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫৪ লাখ টাকা মূল্যের ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় ইয়াবা পরিবহনের অভিযোগে এক মাদক কারবারিকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
অভিযানের বিবরণ
শুক্রবার (১৯ জুন) বেলা দেড়টার দিকে র্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান চট্টগ্রাম নগরীর দিকে পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকায় এস আলম মার্কেট সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশি ও উদ্ধার
অভিযানে একটি সন্দেহভাজন নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির মধ্যবর্তী যাত্রী আসনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা কালো স্কচটেপে মোড়ানো ৯টি বান্ডেল উদ্ধার করা হয়। পরে এসব বান্ডেল থেকে মোট ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা
এ ঘটনায় কক্সবাজারের টেকনাফ উপজেলার নাটমুরা পাড়া এলাকার বাসিন্দা মোহাম্মদ আইয়ুব (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাসটিও জব্দ করা হয়। র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত আলামতসহ হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।



