মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, ১৫টি ঘরবাড়ি ভাঙচুর
মাদারীপুরের পৌর শহরের থানতলী এলাকায় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে এবং প্রায় ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন, যারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ঘটনার সূত্রপাত ও বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব খাঁ ও পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।
তবে রোববার সন্ধ্যায় আকিব ও মঈন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর দ্বিতীয় দফায় রাত ৯টার দিকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ।
পুলিশের হস্তক্ষেপ ও পরিস্থিতি নিয়ন্ত্রণ
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সোমবার ভোররাতে দুইপক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। এসময় পাকদী এলাকার প্রায় ১৫টি বসতঘর ভাঙচুর করা হয় এবং পাঁচ জন আহত হন।
স্থানীয়রা জানান, আকিব ও মঈন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে সাধারণ মানুষ বেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় শিশুসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়।
পুলিশের বক্তব্য ও আইনগত ব্যবস্থা
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকায় উভয়পক্ষের লোকজন পলাতক রয়েছে। তাই কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, আহতদের নাম এখনও জানা যায়নি। পুলিশের তৎপরতায় বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা গেছে।



