ঢাকায় পুরোনো যানবাহন বন্ধে বিশেষ অভিযান ডিএমপির
ঢাকায় পুরোনো যানবাহন বন্ধে বিশেষ অভিযান ডিএমপির

ঢাকা মহানগরে ইকোনমিক লাইফ অতিক্রান্ত, লক্কড়-ঝক্কড় ও ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল বন্ধে বিশেষ অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সংস্থাটির ট্রাফিক বিভাগ জানিয়েছে, এসব অনুপযোগী যানবাহন চলাচল করলে জরিমানা, ডাম্পিংসহ কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণবিজ্ঞপ্তিতে বিস্তারিত

এ বিষয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার সই করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু পুরোনো ও ঝুঁকিপূর্ণ বাস ও পণ্যবাহী যানবাহন ঢাকা মহানগরে চলাচল করছে, যা প্রায়ই সড়ক, ফ্লাইওভার ও সেতুর ওপর বিকল হয়ে যানজট সৃষ্টি করছে। এতে জনদুর্ভোগ বাড়ছে এবং সড়ক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

নিয়মিত অভিযানের পরিকল্পনা

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ঢাকা মহানগরীতে ইকোনমিক লাইফ অতিক্রান্ত যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে। বিআরটিএর ২০২৩ সালের ১৭ মে জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, বাস ও মিনিবাসের ক্ষেত্রে ২০ বছর এবং ট্রাক, কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী যানবাহনের ক্ষেত্রে ২৫ বছরকে ইকোনমিক লাইফ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ডিএমপি জানিয়েছে, এই সীমা অতিক্রম করা কোনও যানবাহন ঢাকা মহানগরে চলাচল করলে বিশেষ অভিযান চালিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অভিযান ট্রাফিক পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে পরিচালিত হবে। এছাড়া যানবাহন মালিক, চালক ও সংশ্লিষ্টদের প্রতি মেয়াদোত্তীর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহন রাস্তায় না নামানোর অনুরোধ জানিয়েছে ডিএমপি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ