কালিয়াকৈরে মহাসড়কের সার্ভিস লেন দখল করে অবৈধ হাটবাজার, দুর্ঘটনার আশঙ্কা
কালিয়াকৈরে মহাসড়কের সার্ভিস লেন দখল করে অবৈধ হাটবাজার

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ সার্ভিস লেন দখল করে প্রতিদিন বসছে বিশাল অবৈধ হাটবাজার। ট্রাফিক পুলিশ অফিসের কাছে শত শত ভাসমান দোকান পরিচালিত হলেও কার্যত নির্বিকার অবস্থানে রয়েছে পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসন। শুধু পল্লীবিদ্যুৎ এলাকা নয়, মহাসড়কের মৌচাক, সফিপুর, চন্দ্রাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে একই চিত্র দেখা যাচ্ছে। একটি সঙ্ঘবদ্ধ চক্র এসব অবৈধ ভাসমান দোকান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে বলে অভিযোগ রয়েছে।

সরেজমিনে যা দেখা গেছে

সরেজমিনে দেখা যায়, মহাসড়কের সার্ভিস লেন ও ফুটপাত সম্পূর্ণভাবে দখল করে কাপড়, জুতা, খেলনা, হাঁড়ি-পাতিল, খাবার, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অসংখ্য ভাসমান দোকান বসানো হয়েছে। থ্রি হুইলার তো দূরের কথা পথচারীদের চলাচলের সার্ভিস লাইন কিংবা ফুটপাতে এক ইঞ্চি জায়গাও ফাঁকা নেই। এ অবস্থায় থ্রি হুইলারসহ গার্মেন্টস শ্রমিক ও অসহায় পথচারীরা বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করছে। ফলে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে যানজট ও সড়ক দুর্ঘটনা। স্থানীয়রা খুব দ্রুত মহাসড়ক থেকে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করার দাবি জানিয়েছে।

প্রশাসনের বক্তব্য

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হুসাইন বলেন, 'মহাসড়ক দখল করে হাট বসানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। খুব দ্রুত মোবাইল কোর্টের মাধ্যমে মহাসড়ক থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।' নাওজোর হাইওয়ে থানার ওসি শওগাতুল আলম বলেন, 'আগেও অভিযান পরিচালনা করা হয়েছে। পুনরায় দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে শিগগিরই অভিযান চালানো হবে। চাঁদাবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ