রাজধানীর যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৩৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ ২২ জন এবং মুগদা থানা পুলিশ ১৭ জনকে গ্রেফতার করে। রবিবার (৩ মে) রাতে এই অভিযান চালানো হয় বলে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে।
যাত্রাবাড়ী থানায় অভিযান
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, রবিবার যাত্রাবাড়ী থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত থেকে ৮০ কেজি গাঁজা ও একটি মিনি বাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ১৪ জন, পুরাতন মামলায় চারজন, গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া একজন ও মোবাইল কোর্টে তিনজন রয়েছেন।
মুগদা থানায় অভিযান
এদিকে মুগদা থানা সূত্রে জানা যায়, রবিবার মুগদা থানা পুলিশ থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপি জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



