দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৩ জন নিহত
দেশের পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৩ জন নিহত

দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার সিলেটে ৮ জন, চাঁপাইনবাবগঞ্জে ২ জন, কুমিল্লায় ১ জন, নোয়াখালীর সুবর্ণচরে ১ জন ও টাঙ্গাইলের মধুপুরে ১ জন নিহত হয়েছেন বলে প্রতিনিধিরা জানিয়েছেন।

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ জন নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সবাই নির্মাণশ্রমিক। রোববার ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে শ্রমিকবাহী একটি পিকআপ ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)। অন্য ৪ জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, রোববার সকাল ৬টার দিকে সিলেট থেকে একটি ডিআই পিকআপে করে বেশকিছু নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে দক্ষিণ সুরমার তেতলী বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কাঁঠালবোঝাই একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন শ্রমিকের মৃত্যু হয় এবং গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও চারজনকে মৃত ঘোষণা করা হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে। রোববার ভোর ৬টার দিকে উপজেলার নাচোল-আড্ডা সড়কের বেনিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার বালুটঙ্গি গ্রামের মোজাম্মেলের ছেলে রবিউল আওয়াল জিসান (২৭) এবং নাচোল উপজেলার আজিপুর গ্রামের সালামের ছেলে সোহাগ (১৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোর ৬টার দিকে সোহাগ তার বোনজামাই রবিউলকে আড্ডায় পৌঁছে দেওয়ার জন্য মোটরসাইকেলযোগে বাসা থেকে রওয়ানা দেন। আজিজপুর থেকে ধানসুরা যাওয়ার পথে (নাচোল টু আড্ডা) সড়কের বেনিপুর নামক স্থানে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুইজনেরই মৃত্যু হয়। পরে নাচোল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার করে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিউল নওগাঁ দুদক কার্যালয়ে কর্মরত ছিলেন। ছুটিতে শ্বশুরবাড়ি এসেছিলেন। রোববার ভোরে কর্মস্থলে যাচ্ছিলেন তিনি। নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেব জানান, নিহত দুজনকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে, তবে ড্রাইভার পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে শিশু নিহত

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় খালেদ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ৯টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার আজগর আলী স্কুলের সামনে এ ঘটনা ঘটে। নিহত খালেদ উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মোয়াজ্জেম হোসেন স্বপন ভূঁইয়ার ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দেবিদ্বার বাবুস সালাম মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান ও ছোট ছেলে খালেদকে একই মাদ্রাসায় ভর্তি করতে বাবা মোয়াজ্জেম হোসেন স্বপন ভূঁইয়া মোটরসাইকেলযোগে বাড়ি থেকে রওনা হন। দেবিদ্বার আজগর আলী স্কুলের সামনে পৌঁছলে মোটরসাইকেল থেকে ছেলে ছিটকে পড়ে যায়। এ সময় অপরদিকে থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

নোয়াখালীর সুবর্ণচরে মায়ের সামনে ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়ামিন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সোনাপুর চেয়ারম্যানঘাট মহাসড়কের পরিষ্কার রাস্তার মাথা এলাকার ডাক্তার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ামিন উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরবায়োজিদ গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ি থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হন ইয়ামিন ও তার মা বকুল আক্তার। পরে পরিষ্কার বাজার এলাকার রাস্তার পাশে দাঁড়িয়ে তারা যানবাহনের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মাইজদী থেকে চেয়ারম্যান ঘাটগামী একটি বেপরোয়া ড্রামট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উঠে যায় এবং ইয়ামিনকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যায়। স্থানীয়রা ট্রাকটি আটক করে পুলিশে খবর দেন। চরজব্বর থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের মধুপুরে দাঁড়ানো ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত

টাঙ্গাইলের মধুপুরে দাঁড়ানো ট্রাকের নিচে দ্রুতগতির মোটরসাইকেল ঢুকে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন আরোহী আবু হানিফা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার কাকরাইদ চালের স্টিল সাইলোর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফা (৪৫) মধুপুর পৌর এলাকার দামপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কলাচাষি ছিলেন। মধুপুর বন এলাকায় চাষবাস করেন। স্থানীয়রা জানান, বন এলাকা থেকে দ্রুতগতিতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছার পর সাইলোর সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ট্রাকের নিচে চলে যায়। তার মোটরসাইকেলটি ধাক্কার আঘাতে মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শী কাকরাইদের ফারুক জানান, হানিফ মোটরসাইকেল চালানোর সময় সম্ভবত মাদক সেবনে নেশাগ্রস্ত ছিলেন। মধুপুর থানার এসআই আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশ উদ্ধার করে থানায় এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।