ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে গ্রামের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে আবু জাহিদ চৌধুরী নামের এক ব্যক্তির সমর্থকদের সঙ্গে তরিকুল সাদাত নামের আরেকজনের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করেন সাদাতের লোকজন। এর জের ধরে আজ সকালে উভয় পক্ষ দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১১ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মোহন শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তিনি জাহিদ চৌধুরীর সমর্থক।
চিকিৎসকের বক্তব্য
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাহিদ এমরান বলেন, ‘মোহন শেখকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে আব্বাস শেখ নামের একজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।’
পুলিশের অবস্থান
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা বলেন, আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।



