খুলনার পাইকগাছা উপজেলায় স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় এক স্বামীকে প্রকাশ্যে দফায় দফায় নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিহতের নাম হাসান সরদার (৩৫)। এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে পাইকগাছা থানায় ১০ জনের নামে একটি এজাহার দাখিল করেছেন।
ঘটনার বিবরণ
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল ৫টার দিকে হাসানের স্ত্রীর সামনে স্থানীয় খালেক গাজীর ছেলে কুদ্দুস গাজী প্রস্রাব করতে বসে। এতে প্রতিবাদ করেন হাসান সরদার। এরপর পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা মিন্টুর নেতৃত্বে প্রকাশ্য জনসম্মুখে তাকে মারপিট করে আহত করা হয়।
প্রথম দফায় মারপিটের এক থেকে দেড় ঘণ্টা পর একটু সুস্থ হলে আবারও নির্যাতন চালানো হয়। একপর্যায়ে বেহুঁশ হয়ে পড়েন হাসান সরদার। জ্ঞান ফিরলে আবারও হাতুড়ি, ইট ও দরজার হাক দিয়ে পিটিয়ে জখম করা হয়। এশার নামাজের পর আবারও মারপিট করে তাকে একটি নসিমনে দড়ি দিয়ে পশুর মতো বেঁধে মিন্টুসহ তার সঙ্গীরা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. নয়ন কুমার সরকার তার চিকিৎসার প্রস্তুতি নিতে থাকেন। জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের শারীরিক অবস্থা
নিহতের ভাইজি অষ্টম শ্রেণির ছাত্রী মীম আক্তার, চাচা সিরাজুলসহ প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মাথার পেছনে মগজ বের করা ছিল, কপাল ও চোয়ালে পেরেক ফুটানোর ছিদ্র ছিল, বাম চোখ খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত অবস্থায় ছিল এবং চার হাত-পা ভেঙে দেওয়া হয়েছে। কেউ ছবি তুলতে গেলে বা ঠেকাতে গেলে তাদেরও মারপিট করা হয়েছে বলে জানান উপস্থিত সবাই।
অভিযুক্তরা
যারা এ ঘটনা ঘটিয়েছেন তারা হলেন- পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা মিন্টু, ইবাদাত গাজী, মনিরুল ইসলাম, কুদ্দুস গাজী, কবির সরদার, জহুরুল ইসলাম, আজহারুল গাজী, ইয়াসিন সরদার, পলাশ সরদার ও শুকুর আলী।
অভিযুক্তের বক্তব্য
এ বিষয়ে নাজমুল হুদা মিন্টু বলেন, নিহত হাসান সরদার একজন খারাপ প্রকৃতির লোক। জনগণ গণধোলাই দিয়ে তাকে হত্যা করেছেন। আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে তাকে চিকিৎসার জন্য নসিমনে করে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম।
পুলিশের কার্যক্রম
পাইকগাছা থানার এসআই আ. আজিজ বলেন, আমি লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। নিহতের মাথা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নামে এজাহার দাখিল করেছেন।
পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, অভিযোগ দাখিল হয়েছে শুনেছি। আমি খুলনায় আছি। সন্ধ্যার দিকে থানায় পৌঁছানোর পর ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



