পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি, কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা
পাবনায় সন্তানের সামনে বাবাকে গুলি, কলেজছাত্র নিহত

পাবনা শহরে আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে সন্তানের সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাশাপাশি পৃথক ঘটনায় মনিরুল ইসলাম (২৪) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। সোমবার (৮ জুন) রাতে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এবং বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে এসব ঘটনা ঘটে।

ছেলের সামনে বাবাকে গুলি

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী হোসেন চরমপন্থি একটি দলের সদস্য ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সন্তানকে দিয়ে আসতে গিয়েছিলেন তিনি। কিন্তু আগে থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান।

কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাত

অপরদিকে, বিকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার পেছনে রাকিব ও মনিরুল ইসলাম নামে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। মনিরুল ইসলাম পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের ব্যবস্থা

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘আলী হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মনিরুলের লাশ রাজশাহী থেকে পাবনায় আনা হচ্ছে। মনিরুল হত্যায় অভিযুক্ত রাকিবকে আটক করা হয়েছে। দুই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ