পিরোজপুরের মঠবাড়িয়ায় একই গ্রামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাছাড়া গ্রামের ইউসুফ প্যাদা (৪৫) নামের আরও একজন রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। নিহত ও নিখোঁজ হওয়া তিন ব্যক্তিই মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা। সর্বশেষ রোববার (৩১ মে) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাছাড়া ওই গ্রামে আগের সপ্তাহে পৃথক দুটি হত্যার ঘটনা ঘটেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে চার হত্যা ও একজন নিখোঁজের ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
নিহতদের পরিচয়
রোববারের ঘটনায় নিহত দুজন হলেন দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের নুরুজ্জামান কালুর ছেলে সাগর হাওলাদার (৪০) এবং একই গ্রামের নূর মোহাম্মদ বেপারীর ছেলে কৃষক আবদুর রশিদ বেপারী (৪৫)।
সাগর হাওলাদারের ঘটনা
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাগর হাওলাদার পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন। শনিবার শ্বশুর বাড়ি দাওয়াত খেয়ে বিকেলে তিনি ভাড়ায় মোটরসাইকেল চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাতে সে আর বাড়িতে ফেরেনি। রাতে কে বা কারা বাড়ির পেছনে তার মরদেহ ফেলে রেখে যায়। নিহত সাগরের মেঝ ভাই রাজু হাওলাদার জানান, শনিবার রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সাগরের বাড়ির সামনে এসে ডাক দেয়, বাড়িতে কেউ আছেন? সাগরের মেজো ভাই ডাক শুনে ছোট ভাইকে সঙ্গে নিয়ে ঘরের বাইরে বের হন। বাইরে কাউকে না পেয়ে খোঁজাখুঁজি করার একপর্যায়ে তারা ঘরের পেছনে সাগরের মাটিমাখা মরদেহ পড়ে থাকতে দেখেন।
আবদুর রশিদ বেপারীর ঘটনা
একই গ্রামের এক কিলোমিটার দূরত্বে নূর মোহাম্মদ বেপারীর ছেলে কৃষক আবদুর রশিদ বেপারীর কাদামাখা মরদেহ উদ্ধার করা হয়েছে একটি মাদ্রাসার বারান্দা থেকে। পরিবারের সদস্যরা জানান, দুই সন্তানের জনক আবদুর রশিদ শনিবার রাত ১১টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ঘরে ফেরেননি। রোববার সকাল ৬টার দিকে স্থানীয় এলাকাবাসী তার মরদেহ পড়ে থাকতে দেখে পরিবার ও পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিখোঁজ ইউসুফ প্যাদা
এছাড়া একই রাতে ওই এলাকা থেকে ইউসুফ প্যাদা নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তিনি একই গ্রামের সাত্তার প্যাদার ছেলে। নিখোঁজ ইউসুফের পরিবার জানায়, শনিবার বিকেল ৪টার দিকে বাবার বাড়িতে থাকা স্ত্রীর সঙ্গে মোবাইলে ইউসুফের শেষ কথা হয়। এরপর থেকে তার মোবাইল বন্ধ। তার সন্ধান মিলছে না। একই রাতে একই গ্রামে দুই জনের মরদেহ উদ্ধার ও একজন নিখোঁজের ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে জানতে চাইলে মঠবাড়িয়া সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী বলেন, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে। একই সাথে নিখোঁজ ব্যক্তির সন্ধান এবং দুই মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটনে পুলিশ ও সিআইডির টিম তদন্ত শুরু করেছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।
আগের ঘটনা
প্রসঙ্গত, এর আগে রোববার দুপুরে উপজেলার ফুলঝুড়ি গ্রামে ইউসুফ শরীফ (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। একই দিন বিকেলে উপজেলার টিকিকাটা ইউনিয়নের পশ্চিম সেনের টিকিকাটা গ্রামে আব্দুল কাইয়ূম (৩০) নামের এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।



