ঈদে জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা, ঢাকায় ১৫ হাজার পুলিশ
ঈদে জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা, ঢাকায় ১৫ হাজার পুলিশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছেন, জাতীয় ঈদগাহ ময়দানে ছয় স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এছাড়া মহানগরীর প্রায় এক হাজার ঈদ জামাতকে ঘিরে দেড় হাজার পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। ঈদের দিন পুরো মহানগরীতে পনেরো হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন বলে জানান তিনি।

জাতীয় ঈদগাহ পরিদর্শন

বুধবার (২৭ মে) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ মহানগরীর বিভিন্ন ঈদ জামাতে লাখো মুসল্লি অংশগ্রহণ করবেন। একই সঙ্গে ঈদের ছুটিতে বিপুল সংখ্যক মানুষ ঢাকা ত্যাগ করায় নগরীর অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা আংশিকভাবে ফাঁকা হয়ে পড়বে। এই সামগ্রিক প্রেক্ষাপট, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, অতীত অভিজ্ঞতা এবং সম্ভাব্য ঝুঁকি বিশ্লেষণ করে ডিএমপি একটি সমন্বিত প্রযুক্তিনির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।

বৃহস্পতিবার ঈদ উদযাপন

মোসলেহ্ উদ্দিন জানান, আগামীকাল (বৃহস্পতিবার) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন দেশের কূটনীতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদের নামাজ আদায় করবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রবেশপথ ও নিরাপত্তা ব্যবস্থা

ডিএমপি কমিশনার বলেন, জাতীয় ঈদগাহে মুসল্লিদের প্রবেশের জন্য মোট পাঁচটি গেট রাখা হয়েছে। এর মধ্যে চারটি পুরুষ এবং একটি নারী মুসল্লিদের জন্য নির্ধারিত। জাতীয় ঈদগাহ ময়দানকে কেন্দ্র করে ছয় স্তরের নিরাপত্তা বলয় গঠন করা হয়েছে। ঈদগাহ ময়দান ও আশপাশের এলাকা এসবির সুইপিং টিম এবং সিটিটিসির ডগ স্কোয়াড দ্বারা সুইপিং করা হচ্ছে এবং আরও করা হবে।

পুরো ঈদগাহ এলাকা ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, এসব ক্যামেরা ডিএমপির অস্থায়ী কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ঈদগাহের সব প্রবেশপথে আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশি ব্যবস্থা থাকবে। ঈদগাহ ময়দানের চারপাশে পিকেটিং এবং লাইনিং ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।