রাজশাহীতে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগ তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্য। ব্যাগটিতে নগদ অর্থসহ বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র ছিল।
ঘটনার বিবরণ
রবিবার (২৪ মে) সকাল ১০টার দিকে সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় ব্যাগটি মালিকের কাছে হস্তান্তর করা হয়। হারানো ব্যাগ ফিরে পেয়ে এর মালিক উম্মে সালমা কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরএমপি সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) রাতে ট্রাফিক বিভাগের সার্জেন্ট মো. ইফতেখার আলমের নেতৃত্বে কনস্টেবল মো. মানিক হোসেন সাহেববাজার জিরো পয়েন্ট ও আশপাশ এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
ব্যাগ উদ্ধার
দায়িত্ব পালনের একপর্যায়ে রাত ৮টার দিকে সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় রাস্তার পাশে পড়ে থাকা একটি পার্টস ব্যাগ মানিকের নজরে আসে। পরে তিনি ব্যাগটি উদ্ধার করেন। ব্যাগটি তল্লাশি করে জাতীয় পরিচয়পত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও নগদ অর্থ পাওয়া যায়। এরপর ব্যাগে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তথ্য যাচাই-বাছাই শেষে ব্যাগটির প্রকৃত মালিককে শনাক্ত করতে সক্ষম হন পুলিশ সদস্যরা।
ব্যাগ হস্তান্তর
পরদিন সকাল ১০টার দিকে সাহেববাজার জিরো পয়েন্ট এলাকায় প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ব্যাগটি প্রকৃত মালিক উম্মে সালমার কাছে হস্তান্তর করা হয়। রাজশাহী মহানগরীর বাসিন্দা উম্মে সালমা জানান, ঈদের কেনাকাটার উদ্দেশে রিকশাযোগে রেলগেট এলাকা থেকে সাহেববাজার জিরো পয়েন্টে যাচ্ছিলেন তিনি। অসাবধানতাবশত তার ব্যাগটি হারিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ব্যাগটির কোনও সন্ধান পাননি। হারিয়ে যাওয়া ব্যাগটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন এই নারী।
প্রতিক্রিয়া
ব্যাগটি ফিরে পেয়ে তিনি আরএমপি ও বাংলাদেশ পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “পুলিশের এমন দায়িত্বশীল ও মানবিক আচরণ সাধারণ মানুষের আস্থা আরও বাড়িয়ে তোলে। এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।”



