রাজধানীর মগবাজারের আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হলেও প্রতিষ্ঠানটির অন্য শাখাগুলোর কার্যক্রম চালু রাখার ওপর কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
হলি ফ্যামিলি হাসপাতালে প্রোটোকল উদ্বোধন
মঙ্গলবার (১৬ জুন) সকালে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে হাম চিকিৎসা প্রোটোকল ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইনের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
শুধু প্যাথলজি নয়, পুরো হাসপাতালের লাইসেন্স বাতিল
মন্ত্রী স্পষ্ট করেন, শুধু প্যাথলজি বিভাগ নয়, বরং মগবাজার আদ-দ্বীন হাসপাতালের সম্পূর্ণ লাইসেন্স বাতিল করা হয়েছে। তবে আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা থাকলে তা পরিচালনায় কোনো বাধা নেই।
শিশু মৃত্যুর দায় কর্তৃপক্ষের
তিনি বলেন, বদ্ধ ঘরে অক্সিজেনের অভাবে আদ-দ্বীন হাসপাতালের শিশুরা মারা গেছে। এ ঘটনায় ডাক্তার, নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা ছিল। তাই ওই ছয় শিশুর মৃত্যুর দায় হাসপাতাল কর্তৃপক্ষকেই নিতে হবে। এই অপরাধের শাস্তি হিসেবে কেবল হাসপাতালের নিবন্ধন বাতিল করা হয়েছে। কেউ অপরাধ করলে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।



