বগুড়ায় রাইস মিল মালিককে হাত-পা-মুখ বেঁধে হত্যা, ট্রান্সফরমারের তামার তার চুরি
বগুড়ায় রাইস মিল মালিককে হাত-পা-মুখ বেঁধে হত্যা

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা মোহাম্মদ আলী সরকার (৬৫) নামে এক রাইস মিল মালিককে হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করেছে। তারা মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভেঙে তামার তারও চুরি করে নিয়ে গেছে। রোববার রাতে উপজেলার সাবেক আটমুল ইউনিয়নের ফেনিগ্রাম ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ঘটনার বিবরণ

পুলিশ ও এলাকাবাসী জানান, নিহত মোহাম্মদ আলী সরকার শিবগঞ্জ উপজেলার সাবেক আটমুল ইউনিয়নের ফেনিগ্রাম পূর্বপাড়ার মৃত কছির উদ্দিনের ছেলে। তিনি রোববার রাতে ফেনিগ্রাম ফুলতলা এলাকায় নিজের রাইস মিলে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পেছনের দরজা দিয়ে মিলে প্রবেশ করে। তারা মোহাম্মদ আলীর হাত, পা ও মুখ বেঁধে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর মিলে থাকা তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমার ভেঙে তামার তারগুলো নিয়ে যায়।

লাশ উদ্ধার ও তদন্ত

সোমবার সকালে মোহাম্মদ আলী বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা রাইস মিলে এসে বিছানায় তার হাত, পা ও মুখ বাঁধা লাশ দেখতে পান। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। ওসি শাহীনুজ্জামান শাহীন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, দুর্বৃত্তরা ট্রান্সফরমারের তামার তার চুরি করতে এসে মোহাম্মদ আলীকে হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পরে তিনি তাদের চিনে ফেলায় তারা মাথায় আঘাত করে তাকে হত্যা করে। যাওয়ার আগে তারা তিনটি ট্রান্সফরমার ভেঙে তামার তার নিয়ে যায়। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পুলিশের কার্যক্রম

ওসি আরও জানান, হত্যারহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ