চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে এক সাংবাদিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার বিকালে মোবারক হোসেন ইমন নামের এক সন্ত্রাসী বিপ্লব দে পার্থ নামের ওই সাংবাদিককে হোয়াটসঅ্যাপে অডিও বার্তায় হুমকি দেন।
হুমকির বিবরণ
অডিও বার্তায় মোবারক হোসেন বলেন, ‘তোর পুরো শরীরে এমনভাবে গুলি করা হবে, পরিবার গণনাও করতে পারবে না। যা করার আগামী ২৪ ঘণ্টার মধ্যে করতে হবে। গুলি মানুষ চেনে না।’ এ ঘটনায় নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক বিপ্লব দে পার্থ।
সাংবাদিকের পরিচয়
সাংবাদিক বিপ্লব বাংলা টিভির চট্টগ্রাম কার্যালয়ের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
হুমকিদাতার পরিচয়
হুমকিদাতা মোবারক হোসেন ইমন বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী হিসেবে পরিচিত। তিনি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরের মুসার ছেলে।
সাংবাদিকের বক্তব্য
বিপ্লব পার্থ বলেন, ‘বিদেশে পলাতক বড় সাজ্জাদের সহযোগী পরিচয় দিয়ে বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন করেন ইমন। প্রথমে তিনি ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা নেই জানালে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আমি জীবনের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।’
পুলিশের বক্তব্য
কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন বলেন, ‘চাঁদা চেয়ে সাংবাদিক বিপ্লব পার্থকে হুমকি দেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
সন্ত্রাসীর অপরাধ ইতিহাস
বর্তমানে চট্টগ্রামে আলোচিত কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর মধ্যে মোবারক হোসেন ইমন উল্লেখযোগ্য। ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় জোড়া খুন, একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় ঢাকাইয়া আকবরকে হত্যাসহ সাত মামলার আসামি তিনি।



