নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় মাদকাসক্ত এক যুবকের হামলায় তাঁর বাবা ও স্ত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কালিহালা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন আহত বাবাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত যুবকের পরিচয়
অভিযুক্ত যুবকের নাম মো. ইমামুল (৩০)। তিনি কালিহালা গ্রামের আবুল হাসেমের (৬০) ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইমামুল দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছেন। মাদকের টাকা না পেয়ে তিনি প্রায়ই তাঁর স্ত্রী, মা–বাবাসহ পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালান।
ঘটনার বিবরণ
গতকাল গভীর রাতে ইমামুল তাঁর স্ত্রীর কাছে মাদকের জন্য টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় তিনি স্ত্রীকে মারধর শুরু করেন। একপর্যায়ে স্ত্রীকে গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায় ইমামুল। এ সময় তাঁর বাবা আবুল হাসেম তাকে থামাতে গেলে ইমামুল তাঁর বাবাকেও মারধর করেন।
আবুল হাসেম বলেন, 'একটি ঘর থেকে দা এনে ইমামুল আমাকে কোপাতে চায়। প্রাণভয়ে আমি দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিই। পরে সে দরজা ভেঙে আমার ওপর হামলা চালায়। এতে আমার হাতের আঙুল কেটে যায়। ইমামুলের কারণে আমরা পরিবারের সবাই আতঙ্কের মধ্যে থাকি। ইমামুলের দুই শিশুসন্তান আছে। তার ভয়ে শিশুরা বেশির ভাগ সময় তাদের মামার বাড়িতে থাকে। মাদকের টাকা জোগাড় করতে ইমামুল অটোরিকশাসহ জমিজমা অনেক কিছুই নষ্ট করেছে, এখন আমি নিঃস্ব।'
আইনি ব্যবস্থা
এ বিষয়ে অভিযুক্ত ইমামুলের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাঁকে খুঁজে পাওয়া যায়নি। কলমাকান্দা থানার ওসি সিদ্দিক হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



