কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র গোলাগুলির ঘটনায় মোহাম্মদ কামাল নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। বুধবার (৬ মে) বিকেল ৩টার দিকে উখিয়ার বালুখালী ৮-ইষ্ট রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামাল আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই বলে জানা গেছে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে গোলাগুলিতে কামালের মৃত্যু হয়। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। ক্যাম্পে গোলাগুলিতে গত দুইদিনে দুইজন নিহত হন। এ ঘটনার পর থেকে সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্য
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নায়েক সাইফুল ইসলাম জানান, ক্যাম্প থেকে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ কামাল নামে একজনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
মামলা ও পূর্বের ঘটনা
উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, ঘটনায় এখনও পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি। বুধবারের হত্যাকাণ্ডের ঘটনায় ব্যক্তির নাম নিশ্চিত হওয়া যায়নি। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের হালিম গ্রুপের প্রধান কেফায়েত উল্লাহ প্রকাশ আবদুল হালিম সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ সময় আরও দুইজন গুলিবিদ্ধ হন।



