চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাতেন খাঁ মোড়ে এ ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক হলেন চ্যানেল ওয়ান ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান এবং মাই টিভির জেলা প্রতিনিধি তারেক আজিজ।
ঘটনার বিবরণ
হামলার শিকার তারেক রহমান প্রথম আলোকে বলেন, ‘বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে বাতেন খাঁ মোড়ের একটি চায়ের দোকানে তারেক আজিজের সঙ্গে বসে চা পান করছিলাম। এ সময় সন্ত্রাসী মো. রাব্বীর (৩০) নেতৃত্বে সাত-আটজন এসে দোকানে থাকা মানুষদের গালাগাল দিচ্ছিল। আমরা তাদের নিষেধ করি। রাব্বীর একজন সহযোগী “তুই আমার দিকে তাকালি কেন” বলেই তারেক আজিজকে মারতে শুরু করে। তার দিকে কাচের মগ ছুড়ে মারে। আমি তাকে রক্ষা করতে গেলে আমাকেও তারা রাস্তায় ফেলে লাথি মারতে শুরু করে। তারা লাঠিসোঁটা দিয়েও পেটায়।’
তারেক রহমান আরও বলেন, ‘আমার ডান হাতের চামড়া ছিলে যায়। শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ পড়েছে। তারেক আজিজ বাঁ হাতের আঙুলে আঘাত পেয়েছেন। তাঁকে অনেক মারধর করা হয়। তারা তাঁর কাছ থেকে ১০ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। প্রায় আধা ঘণ্টা ধরে আমাদের মারধর করার পর তারা চলে গেলে স্থানীয়রা আমাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে থানায় গিয়ে অভিযোগ দিই।’
পুলিশের পদক্ষেপ
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, বৃহস্পতিবার রাত ১২টার দিকে মামলা হয়েছে। মামলায় শহরের ফকিরপাড়া কদমতলার মো. রাব্বী, তাঁর সহযোগী একই মহল্লার সোহেল রানাসহ (৩২) অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে। ভুক্তভোগী দুই সাংবাদিকের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের ধরতে অভিযান চলছে। রাব্বীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্রসহ নয়টি মামলা রয়েছে। তবে সব মামলায় তিনি জামিনে রয়েছেন।



