ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে মারধর করে বিষপানে মামুন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃতের পরিচয়
মৃত মামুন উপজেলার মুলগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়পুর গ্রামের মৃত লিলু মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।
ঘটনার বিবরণ
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে মামুনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি স্ত্রীকে মারধর করেন। এ সময় পাশের বাড়িতে আরেকটি পারিবারিক বিরোধের ঘটনা ঘটলে পরিবারের অন্য সদস্যরা সেখানে চলে যান।
পরিবারের সদস্যদের অগোচরে মামুন বিষপান করেন। বিষয়টি টের পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশের বক্তব্য
কসবা থানার ওসি নাজনিন সুলতানা জানান, ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে মারা গেছে বলে শুনেছি। ওই হাসপাতালেই লাশের ময়নাতদন্ত হবে। তবে এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।



