নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় রাতের আঁধারে পথ আটকে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩০ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের প্রাক-মুন্সিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয়
নিহত জোবায়ের হোসেন রাকিব (২৩) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের খানপুর গ্রামের ভোলা গাজীবাড়ির সৌদি আরবপ্রবাসী মো. হানিফের ছেলে। তিনি পেশায় একজন দোকান কর্মচারী ছিলেন।
ঘটনার পটভূমি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে প্রাক-মুন্সিরহাট বাজারে দুই স্বর্ণকারের বিরোধকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে ঝগড়া বাধে। তখন রাকিব বাজারে ঝামেলা না করার জন্য তাদের অনুরোধ করেন। এ সময় একটি পক্ষ রাকিবের ওপর ক্ষিপ্ত হয়।
শনিবার রাতে রাকিব বাজারে অবস্থান করছিলেন। এ সময় স্বর্ণকারদের দুটি পক্ষও বিরোধ মীমাংসার জন্য বাজারে জড়ো হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে কয়েকজন দোকানি রাকিবকে বাজার থেকে বাড়িতে চলে যেতে বলেন।
হামলার বর্ণনা
রাকিব তার ছোট ভাই রিমনসহ বাড়িতে ফেরার পথে একদল দুর্বৃত্ত তার ওপর লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালায়। রড দিয়ে বেধড়ক পিটিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থান থেঁতলে দেওয়া হয়। তাকে রক্ষা করতে এগিয়ে যাওয়ায় তার ভাই রিমনের ওপরও হামলা করেন দুর্বৃত্তরা। পরে রিমনের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন।
রাকিবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের বক্তব্য
এ ব্যাপারে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, রাতের আঁধারে রাকিবের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের কাউকে পায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।



