হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় খাবার কিনতে যাওয়ার পথে ৯ বছরের এক স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২৪ মে) বিকালে পানিউম্দা ইউনিয়নের বড়চর গ্রামে। ধর্ষণের শিকার মেয়েটি ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
ঘটনার বিবরণ
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকালে শিশুটি গ্রামের একটি দোকানে খাবার কিনতে যাচ্ছিল। পথে একই গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার অপর এক সঙ্গী তাকে জোরপূর্বক পাশের বাঁশঝাড়ের নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তারা শিশুটির মুখে গামছা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে।
উদ্ধার ও চিকিৎসা
স্থানীয়রা শিশুটির চিৎকার শুনে ধর্ষণকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়। শিশুটির বাবা বাড়িতে না থাকায় সোমবার (২৫ মে) দুপুরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করেন।
ভিকটিমের পরিবারের বক্তব্য
ভিকটিমের মা কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তার মেয়ে খাবার কেনার জন্য দোকানে যাচ্ছিল। পথে বাঁশঝাড়ের পাশে নির্জন স্থানে আফরোজ মিয়া ও তার অপর সঙ্গী মেয়েটির মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। শিশুটির বাবা বলেন, ‘আমার অবুঝ মেয়ের ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
পুলিশের পদক্ষেপ
নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।



