কুমিল্লার লাকসামে একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অটোরিকশাচালক আমির হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৪ মে) দুপুরে লাকসাম রেলওয়ে জংশন বাজারে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেন পার্শ্ববর্তী চৌদ্দগ্রাম উপজেলার মিতল্লা গ্রামের বাসিন্দা।
ঘটনার বিবরণ
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই দিন দুপুরে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির তিন ছাত্রী প্রাইভেট পড়ে একটি অটোরিকশায় করে বাড়ি যাচ্ছিল। এ সময় অটোরিকশাচালক তাদের যৌন হয়রানি করে। পরে ওই ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় লোকজন অটোরিকশাচালককে আটক করে উপজেলা প্রশাসনে খবর দেয়।
আইনি ব্যবস্থা
সংবাদ পেয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা এবং লাকসাম থানার ওসি কাজী কামরুন নাহার লাইলী ঘটনাস্থলে পৌঁছান। সূত্র জানায়, ওই তিন ছাত্রী এবং অভিযুক্ত অটোরিকশাচালককে ইউএনও জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা নিশ্চিত হলে ইউএনও নার্গিস সুলতানা তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত অটোরিকশাচালককে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত অটোরিকশাচালকের কাছ থেকে ৭ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন এবং ব্যাটারিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়।
কারাগারে প্রেরণ
এ ব্যাপারে রোববার বিকালে লাকসাম থানার ওসি কাজী কামরুন নাহার লাইলী বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি আমির হোসেনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও লাকসাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নার্গিস সুলতানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



