শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, সাত দিনে বিচার শেষের আশা
শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট আজ, সাত দিনে বিচার শেষ

শিশু রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট আজ আদালতে দেওয়া হবে এবং সাত-আট কার্যদিবসের মধ্যেই বিচারকাজ শেষ হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এই অপরাধ সংঘটিত হওয়ার পর সরকার কোনও ছাড় দিচ্ছে না। ঘটনার মাত্র সাত ঘণ্টার মধ্যে মূল আসামিকে এবং পরদিন তার সহযোগীকে গ্রেফতার করা হয়।

চার্জশিট দাখিল ও বিচার প্রক্রিয়া

রবিবার (২৪ মে) সচিবালয়ের গণমাধ্যম সেন্টারে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, গত রাতেই মামলার চার্জশিট (অভিযোগপত্র) প্রস্তুত হয়েছে এবং আজই তা আদালতে পেশ করা হচ্ছে। মামলার গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি আদালতের ছুটি বাতিলের বিষয়টি বিবেচনা করছেন এবং দ্রুত বিচারের জন্য একজন বিশেষ পিপি নিয়োগ দেওয়া হয়েছে। সরকার আশা করছে, আগামী সাত দিনের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্ন করে অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সম্ভব হবে।

সামাজিক অবক্ষয় ও ধর্ষণ-হত্যা

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়ের ফল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া নিয়েও সরকারের অবস্থান স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আমরা অনেক আগেই ভারত সরকারের কাছে তার এক্সট্রাডিশনের (প্রত্যর্পণ) জন্য আনুষ্ঠানিক পত্র পাঠিয়েছি। দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক চুক্তি ও আইনি প্রক্রিয়া মেনেই তাকে দেশে ফিরিয়ে এনে সুনির্দিষ্ট অপরাধের জন্য বিচারের মুখোমুখি করতে সরকার বদ্ধপরিকর।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নতুন পাসপোর্টে 'Except Israel' থাকছে

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামনে যে নতুন পাসপোর্টগুলো ইস্যু করা হবে, সেখানে আগের মতোই এক্সেপ্ট ইসরায়েল (Except Israel) শব্দগুচ্ছ যুক্ত থাকবে। এটি আমাদের সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত এবং দেশের সর্বস্তরের মানুষের দাবি।

পাসপোর্টে জাতীয় ঐতিহ্য ফুটিয়ে তোলা

বিগত সরকারের আমলে জাতীয় বিষয়গুলোতে দলীয়করণ করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, পাসপোর্টে বা ভিসার ক্ষেত্রে কিছু ব্যক্তিতান্ত্রিক চর্চা দেখা গেছে; যা এ দেশের সংস্কৃতির প্রতিনিধিত্ব করে না। আমরা তা থেকে বেরিয়ে এসে পাসপোর্টে জাতীয় স্মৃতিসৌধ, টাঙ্গুয়ার হাওর কিংবা কক্সবাজার সমুদ্র সৈকতের মতো দেশের গৌরব ও ঐতিহ্যকে সম্পূর্ণ রাজনৈতিক দৃষ্টিকোণমুক্ত ও নৈর্ব্যক্তিকভাবে ফুটিয়ে তুলবো।

নতুন ব্যাংক নোটে বীরশ্রেষ্ঠদের ছবি

মুদ্রাবাজারে টাকার নোটে পরিবর্তনের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আমাদের নতুন ব্যাংক নোটে দেশের বীরশ্রেষ্ঠদের ছবি ধারণ করবো। তবে কোনও নোট পরিবর্তন বা বাজার থেকে তুলে নেওয়া হবে কিনা– এসব খুঁটিনাটি বিষয় অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত। তারা এ বিষয়ে বিস্তারিত জানাবে।

জুয়া ও বেটিং নিয়ন্ত্রণে নতুন আইন

তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সরকার আইনি সংস্কার করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিশেষ ঘোষণা দেন। তিনি বলেন, অনলাইন ও অফলাইন জুয়া এবং বেটিং কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা একটি নতুন আইন প্রণয়নের কাজ হাতে নিয়েছি; যা আগামী সংসদ অধিবেশনেই পাস হবে। ১৮৬৭ সালের মান্ধাতা আমলের পুরনো আইনটি পুরোপুরি বাতিল করে বর্তমান সময়ের ইন্টারনেটভিত্তিক অপরাধের উপাদান যুক্ত করে এটি সাজানো হচ্ছে।

মাদক মামলার দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল

পাশাপাশি, মাদক মামলার দ্রুত বিচারের স্বার্থে জেলাভিত্তিক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে ঢাকায় প্রায় ৮০ হাজার এবং চট্টগ্রাম ও কক্সবাজারে বিপুল পরিমাণ মাদক মামলা ঝুলে থাকায় আসামিরা পার পেয়ে যায়। মামলার সংখ্যা বিবেচনা করে ট্রাইব্যুনাল গঠন করা হলে যৌক্তিক সময়ে বিচার সম্পন্ন হবে।

রিকনসিলিয়েশন কমিশন গঠন

রিকনসিলিয়েশন কমিশন গঠন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ঘোষিত ৩১ দফার মধ্যে একটি সুশৃঙ্খল জাতি গঠনের লক্ষ্যে বিভেদ কমানোর জন্য এই কমিশনের কথা বলা হয়েছিল। আমরা এখনও সেই প্রতিশ্রুতিতে অবিচল আছি। তবে বর্তমানে সরকারের সামনে আরও অনেক জরুরি অগ্রাধিকার থাকায় এখনই এটি গঠন করা হচ্ছে না। সময় ও প্রয়োজন অনুযায়ী এর পরিধি নির্ধারণ করে কমিশন গঠন করা হবে।