শিশু ও নারীর প্রতি নির্যাতন–নিপীড়নের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকার সার্ক ফোয়ারা, কারওয়ান বাজারে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই সঙ্গে পল্লবীতে শিশুকে ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আশুলিয়া, সাভারে মানববন্ধন করা হয়।
চট্টগ্রাম ও সিলেটে মানববন্ধন
‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক–নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে প্রথম আলো বন্ধুসভার চট্টগ্রাম শাখা মানববন্ধন করে। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিরপুরে বিক্ষোভ ও চকরিয়ায় প্রতিবাদ
মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ‘এলাকাবাসীর ব্যানারে’ কয়েক শ মানুষের বিক্ষোভে পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়। কক্সবাজারের চকরিয়ায় প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। চাঁপাইনবাবগঞ্জে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে শিশু ও নারীর নিরাপত্তা এবং ধর্ষণকারীদের দ্রুত শাস্তির দাবিতে মানববন্ধন করে প্রথম আলো বন্ধুসভা।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রামের বাকলিয়া নয়া মসজিদে শিশু হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করে। সব বিক্ষোভেই শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতন ও নিপীড়নের প্রতিবাদ করা হয় এবং দায়ী ব্যক্তিদের দ্রুত বিচারের দাবি জানানো হয়।



