রাজধানীর লালমাটিয়ায় এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা শিশু রামিসার নির্মম ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় স্কুলের গার্লস ক্যাম্পাসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিচার দাবিতে স্লোগান
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ধর্ষণ ও হত্যার বিচার চাই’, ‘শিশুর নিরাপত্তা নিশ্চিত করো’ এবং ‘জাস্টিস ফর রামিসা’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উদ্বেগ প্রকাশ
বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম ও আখাউড়ায় শিশু ধর্ষণের ঘটনা তাদের আরও উদ্বিগ্ন করেছে। তারা সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
অভিভাবকদের অনিরাপদ বোধ
অভিভাবকরা বলেন, এই ঘটনার পুনরাবৃত্তি দেখে তারা নিজেদের সন্তান ও শিক্ষার্থীদের নিয়েও অনিরাপদ বোধ করছেন। তারা জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।
স্কুল কর্তৃপক্ষের অংশগ্রহণ
সমাবেশে স্কুলের ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার, অধ্যক্ষ ডালিয়া নওরীন, উপাধ্যক্ষ মাহসিনা মমতাজ মারিয়াসহ অন্যান্য কর্মকর্তারা অংশ নেন। বক্তারা ভবিষ্যতে এমন ঘটনা রোধে সমাজের সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।



