শিশু রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন
রামিসা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বক্তাদের বক্তব্য

সমাবেশে বক্তব্য রাখেন নারী অধিকারজোটের সভাপতি লায়লা পারভীন, নারী নেত্রী বিবি মরিয়ম, উন্নয়নকর্মী ফারজানা তিথি, ব্যবসায়ী সুমন নূর, অমিত পালসহ আরও অনেকে। বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে অপরাধ বেড়ে চলেছে। রামিসার পরিবারের হতাশা তারই প্রতিফলন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

শিশু নিরাপত্তার দাবি

বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে না। এ ধরনের বর্বরতা শুধু একটি পরিবারকে নয়, পুরো সমাজকে আতঙ্কিত ও ব্যথিত করে তুলেছে। এ সময় তারা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সহিংসতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক অবক্ষয়ের কারণে অপরাধীরা বারবার এমন জঘন্য অপরাধ সংঘটিত করার সাহস পাচ্ছে। তাই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রশাসনের প্রতি আহ্বান

মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা এবং আইনের কঠোর প্রয়োগ এখন সময়ের দাবি। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে রামিসার ধর্ষক ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।