গাইবান্ধায় শিবির নেতাকে কুপিয়ে হত্যা
গাইবান্ধায় শিবির নেতাকে কুপিয়ে হত্যা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে সংঘর্ষে ইসলামী ছাত্রশিবিরের এক নেতা নিহত ও অপরজন আহত হয়েছেন। রোববার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বোনারপাড়া চতুর্মুখী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত ও আহতের পরিচয়

নিহত ব্যক্তি হলেন সাইফুল্লাহ বারী (২৪)। তিনি বোনারপাড়া ইউনিয়ন শাখার ছাত্রশিবিরের সভাপতি এবং রংপুর ধাপ সাতগাড়া মডেল কামিল মাদ্রাসার আল কুরআন বিভাগের ছাত্র। এ ঘটনায় তার বন্ধু সালাউদ্দিন (৩০) গুরুতর আহত হয়েছেন।

বোনারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম সোয়াপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র জানায়, কাঁচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুকুল ও তার ভাই পলাশ সাইফুল্লাহ ও সালাউদ্দিনকে হামলা করে বলে অভিযোগ উঠেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

হামলার বিবরণ ও চিকিৎসা

প্রত্যক্ষদর্শীরা জানান, পলাশ সাইফুল্লাহর গলায় কোদাল দিয়ে আঘাত করে। অপরদিকে সালাউদ্দিনকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ। সাইফুল্লাহকে গুরুতর অবস্থায় গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালাউদ্দিনকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অভিযুক্ত ও তদন্ত

পুলিশ জানায়, অভিযুক্ত মুকুল ও পলাশ বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের বাসিন্দা এবং তারা দুই ভাই। মুকুল যুবদলের সাবেক নেতা হলেও বর্তমানে সংগঠন থেকে বহিষ্কৃত। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পবিত্র কুমার জানান, পুলিশ ঘটনা তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ