শেখ হাসিনা বাংলাদেশি নাকি ভারতীয়? এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের সরকার বলছে হিন্দুরা বাংলাদেশে অনুপ্রবেশ করে এখানে আসতে পারবে, তাহলে শেখ হাসিনা কি বাংলাদেশি নন? মঙ্গলবার (১২ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত কলেজ ছাত্র মো. মোরসালিনের কবর জিয়ারত শেষে তিনি এই প্রশ্ন করেন।
সীমান্তে খাল খননের হুঁশিয়ারি
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সরকার গঠন করলে সীমান্তবর্তী এলাকায় অনেকেই রাস্তা বানায়, আমরা এখানে খাল খনন করব। যাতে খন্দকের যুদ্ধের মতো কেউ ওপার থেকে এপারে মাদক পাচার করতে না পারে। যাতে বাংলাদেশের যুবসমাজ নষ্ট না হয়।’
স্বরাষ্ট্র বিভাগের সমালোচনা
স্বরাষ্ট্র বিভাগের সমালোচনা করে তিনি বলেন, ‘বাংলাদেশে এত ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা আসে কীভাবে—এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে।’ সীমান্তের দিকে লংমার্চ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘সীমান্ত হত্যা যদি আরও বাড়ে এবং সরকার যদি কোনো উদ্যোগ নিতে না পারে, তাহলে আমরা সীমান্তের দিকে লংমার্চ দেব। বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে সীমান্তে যাব। দেখি কে আমাদের ঠেকায়। এর আগে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।’
সীমান্তে চলাচলে বাধার অভিযোগ
সীমান্তে আসার সময় নিজের চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে নাসীরুদ্দীন বলেন, ‘কসবায় আসার পথে বিভিন্ন জায়গায় তাকে বাধার মুখে পড়তে হয়েছে। আমি বাংলাদেশের নাগরিক, আমি কোথায় যাব, সেটা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।’ এ বিষয়ে কারা বাধা দিয়েছে জানতে চাইলে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লোকজনের দিকে অভিযোগ তোলেন।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আতাউল্লাহ, কেন্দ্রীয় স্বাস্থ্য উইং সমন্বয়ক ডা. আশরাফ উদ্দিন, কেন্দ্রীয় সংগঠক মিয়াজ মেহরাব তালুকদার, আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, মোস্তাক আহমেদ শিশির এবং ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক আদেল।



