রোহিঙ্গা সংকটে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রোহিঙ্গা সংকটে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর সমর্থন কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে (১২ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রত্যাশার কথা জানান।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করায় তাকে অভিনন্দন জানান ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। এসময় তারা বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল, ওষুধ শিল্পসহ নানা খাতে সম্পর্ক জোরদারের পাশাপাশি সব সময় পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে ওআইসি সদস্য দেশগুলোকে তাদের সমর্থনের জন্য সরকার ও জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানান। জিয়াউর রহমানের সময় ওআইসিভুক্ত দেশসমূহের সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে ভবিষ্যতে তা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈঠকে উপস্থিত ছিলেন— সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালেশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশন। এছাড়া প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ