তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে। সোমবার (১১ মে) রাজধানীর বেঙ্গল সেন্টারে অনলাইন গণমাধ্যম এশিয়া পোস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সর্বসম্মতিক্রমে কমিশন গঠন
তথ্যমন্ত্রী বলেন, দেশের সব অংশীজনের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এই কমিশন গঠন করা হবে, যাতে এটি কোনো আরোপিত কাঠামো হিসেবে বিবেচিত না হয়। তিনি উল্লেখ করেন, বিশ্ব এখন রূপান্তরের সময় অতিক্রম করছে। ডিজিটাল প্রযুক্তি, অনলাইন মিডিয়া ও ইন্টারনেটের বিস্তৃত ব্যবহারের ফলে তথ্য প্রবাহ যেমন দ্রুত ও সহজ হয়েছে, তেমনি অপতথ্য, ভুয়া তথ্য ও বিকৃত তথ্যের বিস্তারও বেড়েছে।
অপতথ্যের চ্যালেঞ্জ মোকাবিলা
মানুষকে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেওয়া বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ বলে তিনি মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকার একদিকে যেমন অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করতে চায়, অন্যদিকে জনগণকে বিভ্রান্তিকর তথ্য থেকে সুরক্ষাও দিতে চায়।
তিনি জানান, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার আগেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় চলছে।
কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ
জহির উদ্দিন স্বপন বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নতুন ধরনের সংকট তৈরি হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার নতুন কর্মকৌশল প্রণয়নের উদ্যোগ নিয়েছে। তিনি এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।



