পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রোববার পশ্চিম এশিয়া/মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত ফিরে আসার আশা করেন।
ঢাকায় ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. উইসাম হুসাইন আলী আল ইথাভি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বাংলাদেশি নাগরিকদের হোস্ট করার জন্য ইরাক সরকারের প্রশংসা করেন এবং তাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানান।
তিনি ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন সরকারের বিজয়ে অভিনন্দন জানানোর জন্য ইরাকের নেতৃত্ব ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। শামা ওবায়েদ ১৯৭২ সালে প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য ইরাকের প্রতি কৃতজ্ঞতা স্মরণ করেন।
বৈঠকে দুই পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতা, জনশক্তি, বাণিজ্য ও আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করে। তারা ফার্মাসিউটিক্যালস, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিক ও কৃষিপণ্যসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর উপায় অনুসন্ধান করে।
প্রতিমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির জন্য বাংলাদেশের প্রার্থিতায় সমর্থন দেওয়ায় ইরাককে ধন্যবাদ জানান।
উভয় পক্ষ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশ-ইরাক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।



