চব্বিশের জুলাই-আগস্টের আন্দোলনের সময় ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
শুনানিতে দিন ধার্য
প্রসিকিউশনের সময় আবেদনের শুনানি নিয়ে রবিবার (১০ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জহিরুল আমিন।
প্রসিকিউটরের বক্তব্য
শুনানিকালে তিনি ট্রাইব্যুনালকে বলেন, “মাসুদ উদ্দিনকে একদিনের জিজ্ঞাসাবাদ করেছে তদন্ত সংস্থা। তবে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আমরা সময় চাই। পরে আগামী ২১ জুলাই দিন ঠিক করেন ট্রাইব্যুনাল।”
পূর্ববর্তী ঘটনা
এর আগে গত ৭ এপ্রিল তাকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে অন্য মামলায় রিমান্ডে থাকায় এতদিন তাকে হাজির করা সম্ভব হয়নি। পরে গত ৭ মে জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।



