আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, সেগুলোর পেছনে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।
রোববার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর এ কথা বলেন। তিনি জানান, গত বৃহস্পতিবার মাসুদ উদ্দিনকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয় ট্রাইব্যুনাল-২। একই দিন তাকে এক দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
চিফ প্রসিকিউটর বলেন, মাসুদ উদ্দিনকে গত শনিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি যে তথ্য দিয়েছেন, সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে।
এক-এগারোর সরকারকে ‘ডিফ্যাক্টো গভর্মেন্ট’ (কার্যত সরকার) বলা হতো এবং পুরো সরকারটি মাসুদ উদ্দিনসহ কয়েকজন চালাতেন। সেই কারণে তখনকার অমানবিক ও মানবতাবিরোধী অপরাধের নেপথ্যে মূল মহানায়ক তিনি ছিলেন বলে মন্তব্য করেন আমিনুল ইসলাম।
মাসুদ উদ্দিনের বিরুদ্ধে এক-এগারোর সময়কার এবং জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। শেখ হাসিনার অনেক কর্মকাণ্ডের সঙ্গেও তার সম্পৃক্ততা আছে। সব বিষয়ই তদন্তে আনা হচ্ছে বলে জানান চিফ প্রসিকিউটর।
তিনি আরও বলেন, মাসুদ উদ্দিন একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন এবং সেই সূত্র ধরে তাকে তাদের আওতায় আনা হয়েছে। সুনির্দিষ্ট কোনো বিষয় নয়, বরং সব মানবতাবিরোধী অপরাধের বিষয়ই তদন্ত করা হচ্ছে যেখানে তার সম্পৃক্ততা রয়েছে।



