তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে টানাপোড়েনের মধ্যেই অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)-কে নিঃশর্ত সমর্থনের ঘোষণা দিয়েছে বিদুথালাই চিরুথাইগাল কাজাগম (ভিসিকে)। এতে ব্যাপক নাটকীয়তার পর অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন টিভিকের প্রধান থালাপতি বিজয়।
সমর্থনের ফলে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত
শনিবার (৯ মে) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ভিসিকের দুই বিধায়ক বিজয়ের জোটকে সমর্থন দেয়ায় ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় 'ম্যাজিক সংখ্যা' ১১৮–এ পৌঁছে গেছে। এর আগে বিজয়ের নেতৃত্বাধীন জোটের পক্ষে ১১৬ জন বিধায়কের সমর্থন ছিল। টিভিকে একাই পেয়েছে ১০৭টি আসন। এছাড়া বামপন্থি দল সিপিআই ও সিপিএমের ৪ জন এবং কংগ্রেসের ৫ জন বিধায়ক জোটকে সমর্থন দেন। এখন ভিসিকের দুই সদস্য যোগ হওয়ায় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভিসিকের গুরুত্ব বেড়েছে
মাত্র দুটি আসন পেলেও বর্তমান রাজনৈতিক সমীকরণে ভিসিকের গুরুত্ব অনেক বেড়ে যায়। কারণ, ঝুলন্ত পরিস্থিতিতে সরকার গঠনের জন্য তাদের সমর্থনই হয়ে ওঠে নির্ণায়ক। এদিকে সরকার গঠন নিয়ে অচলাবস্থা নিরসনে শুক্রবার (৮ মে) বিকেলে তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে বৈঠক করেন বিজয়। টানা তিন দিনের মধ্যে সেটি ছিল তাদের তৃতীয় বৈঠক।
বিজয়ের দাবি ও গভর্নরের অবস্থান
বৈঠকে বিজয় দাবি করেন, তার পক্ষে ১১৮ জন বিধায়কের সমর্থন রয়েছে এবং তিনি সরকার গঠনের অনুমতি চান। তবে গভর্নরের কার্যালয়ের সূত্র জানিয়েছে, শনিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে বিজয়কে এখনো আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়নি। সূত্র: এনডিটিভি



