বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নির্ভর করছে ভিসিকের সমর্থনের ওপর
বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়া নির্ভর করছে ভিসিকের সিদ্ধান্তে

তামিলনাড়ুতে ঐতিহাসিক নির্বাচনী সাফল্য অর্জনের পরও সরকার গঠন নিয়ে এখনো অনিশ্চয়তায় রয়েছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে না পারায় তার দল তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক মুহূর্ত এখনো ঝুলে আছে।

শেষ মুহূর্তে নাটকীয় মোড়

শুক্রবার রাত পর্যন্ত সরকার গঠন প্রায় নিশ্চিত বলেই মনে হচ্ছিল। তবে শেষ মুহূর্তে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। ছোট দুই দল— টিটিভি দিনাকরণের আম্মা মাক্কাল মুন্নেত্র কাজাগম (এএমএমকে) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল)— স্পষ্ট জানিয়ে দেয় তারা টিভিকেকে সমর্থন দেবে না।

এখন পুরো পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বিদুথালাই চিরুথাইগাল কাজাগম (ভিসিকে)। দলটির দুইজন বিধায়ক রয়েছেন এবং তাদের সমর্থন পেলেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা অর্জন করবে বিজয়ের জোট। সূত্র বলছে, ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান এখনো ডিএমকে নেতৃত্বের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আজই দলটির অবস্থান পরিষ্কার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

গভর্নরকে সন্তুষ্ট করতে পারেননি বিজয়

বুধবার ও বৃহস্পতিবার তামিলনাড়ুর গভর্নর আর ভি আরলেকারের সঙ্গে দু’দফা বৈঠক করেন বিজয়। কিন্তু সরকার পরিচালনার মতো সংখ্যাগরিষ্ঠ সমর্থন রয়েছে— এমন নিশ্চয়তা দিতে না পারায় গভর্নর সন্তুষ্ট হননি। শুক্রবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো গভর্নরের সঙ্গে বৈঠক করেন বিজয়। এরপরও পরিস্থিতির পরিবর্তন হয়নি।

গভর্নরের দপ্তরের সূত্র জানিয়েছে, ১১৮ বিধায়কের সমর্থনের প্রমাণ দিতে না পারায় এখনো তাকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথের আমন্ত্রণ জানানো হয়নি। গভর্নর স্পষ্টভাবে সমর্থনকারী বিধায়কদের লিখিত সমর্থনপত্র চেয়েছেন। ২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনের সমর্থন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বর্তমানে কারা রয়েছে বিজয়ের পাশে

বর্তমানে বিজয়ের পাশে রয়েছে মাত্র তিনটি দল— কংগ্রেস, সিপিআই এবং সিপিএম। বাম দল দুটি নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেস শর্তসাপেক্ষে সমর্থন দিয়েছে। সূত্র জানিয়েছে, কংগ্রেস তাদের সমর্থনের বিনিময়ে মন্ত্রিসভায় দুটি মন্ত্রণালয় আশা করছে। অন্যদিকে সিপিআই ও সিপিএম বাইরে থেকে সমর্থন দেবে, তারা মন্ত্রিসভায় যোগ দেবে না।

সাম্প্রতিক নির্বাচনে টিভিকে ১০৮ আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়। এর মাধ্যমে ডিএমকে ও এআইএডিএমকের ৬২ বছরের রাজনৈতিক আধিপত্যে বড় ধাক্কা দেয় দলটি। তবে বিজয় দুটি আসনে জয় পাওয়ায় একটি আসন ছাড়তে হবে এবং বর্তমানে কার্যত দলের বিধায়ক সংখ্যা ১০৭। কংগ্রেসের ৫ এবং বাম দলগুলোর ৪ বিধায়কের সমর্থন যোগ হলে মোট সংখ্যা দাঁড়ায় ১১৬। অর্থাৎ সরকার গঠনের জন্য এখনো দুইজন বিধায়কের সমর্থন প্রয়োজন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভিসিকের সিদ্ধান্তই এখন নির্ধারণ করবে তামিলনাড়ুর পরবর্তী সরকার গঠনের ভাগ্য। এর আগে পর্যন্ত বিজয়ের শপথ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা খুবই কম।