ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দায়িত্ব গ্রহণ
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ শেষ হবে আগামী ৩০ মে। তার বিদায়ের পর লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে তিনি এই পদে অধিষ্ঠিত রয়েছেন।
পূর্ববর্তী দায়িত্ব
এর আগে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি। তার আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন চিফ (জিওসি-ইন-সি) হিসেবে দায়িত্ব পালন করেন।
সামরিক জীবন
১৯৮৫ সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনীর অন্যতম পদাতিক রেজিমেন্ট দ্য গারওয়াল রাইফেলসে কমিশন প্রাপ্তির মাধ্যমে এন এস রাজা সুব্রামানির সামরিক জীবনের সূচনা হয়। ভারতীয় সেনাবাহিনীতে তার ক্যারিয়ারের বয়স ৪১ বছরেরও বেশি। দীর্ঘ এই কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালন করেছেন। সেই সঙ্গে বেশ কয়েকটি কমান্ডের শীর্ষ কর্মকর্তা, স্টাফ এবং প্রশিক্ষক পদেও অধিষ্ঠিত হয়েছেন।
শিক্ষা ও পদক
লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) এবং ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। এছাড়া যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। যুক্তরাজ্যের বার্কনেলে জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন তিনি। পেশাগত জীবনে তিনি চারটি পদক পেয়েছেন—বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।



