অবশেষে সব শঙ্কা কাটিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন সুপারস্টার থালাপতি বিজয়। শনিবার (৯ মে) তার নেতৃত্বে নতুন সরকার শপথ নেবে। একাধিক দলের সঙ্গে জোট গঠনের পর থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন দল টিভিকে জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ। এতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানিয়েছে, শনিবার (৯ মে) শপথ অনুষ্ঠিত হবে। থালাপতি বিজয়ের টিভিকের সঙ্গে জোট গঠন করেছে ভারতীয় কংগ্রেস, সিপিআই, সিপিআই (এম) এবং ভিসিকে। এই পাঁচটি দল মিলিয়ে জিতেছে ১২০টি আসন।
তামিলনাড়ুর বিধানসভার আসন সংখ্যা ২৩৪টি। এরমধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ ১০৮ আসনে জয় পেয়েছে থালাপতি বিজয়ের দল। তবে সংখ্যাগরিষ্ঠতা পেতে তার আরও ১০টি আসনের প্রয়োজন ছিল। থালাপতি বিজয় চেন্নাইয়ে গিয়ে সেখানকার রাজ্যপালের সঙ্গে গত বুধবার ও বৃহস্পতিবার টানা দুদিন দেখা করেন। এ সময় তিনি দাবি করেন, তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। তবে রাজ্যপাল তাকে ১১৮ জনের সমর্থনের প্রমাণ দিতে বলেন। কিন্তু ওই সময় ১১৮ বিধায়কের সমর্থন তিনি দেখাতে পারেননি। এজন্য তাকে সরকারও গঠন করতে দেওয়া হয়নি।
থালাপতি বিজয়কে সমর্থন জানানো অন্যতম দল সিপিআইয়ের রাজ্য সেক্রেটারি ভীরাপান্দিয়ান সরকার গঠনের ব্যাপারে কথা বলেছেন। তিনি সাংবাদিকদের বলেন, “টিভিকে হলো একক সর্বোচ্চ দল। সরকার গঠনে তাদের ছয়জন বিধায়কের সমর্থন প্রয়োজন। আমরা সিপিআই, সিপিআই (এম) এবং ভিসিকে থেকে ছয়জন বিধায়ককে দিয়েছি। এটি আমাদের গণতান্ত্রিক দায়িত্ব। এটি সাধারণ মানুষের গণতন্ত্র। এর পাশে আমাদের দাঁড়াতে হবে।”



