বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৮ মে (শুক্রবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
হরমুজে মার্কিন রণতরিতে ইরানের হামলা, পাল্টা জবাবের দাবি যুক্তরাষ্ট্রের
হরমুজ প্রণালিতে তিনটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এর জবাবে ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এ তথ্য নিশ্চিত করেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কেরালায় কংগ্রেসের জয়জয়কার, মুখ্যমন্ত্রীর লড়াইয়ে তিন হেভিওয়েট
কেরালার বিধানসভা নির্বাচনে বামপন্থীদের হারিয়ে বিশাল ব্যবধানে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। রাজ্যের ১৪০টি আসনের মধ্যে ১০২টিতে জয় পেয়েছে তারা। এর মধ্যে কংগ্রেস এককভাবে জিতেছে রেকর্ড ৬৩টি আসনে। ২০২১ সালে ৯৯ আসন পাওয়া এলডিএফ এবার মাত্র ৩৫টি আসনে গুটিয়ে গেছে।
অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন বিজয়
তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড়। অবশেষে সরকার গঠনে ১১৮ বিধায়কের সমর্থন পেলেন তামিলাগা ভেট্টি কাজাগম (টিভিকে) প্রধান তামিল অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। শুক্রবার (৮ মে) বিকাল সাড়ে ৪টায় রাজ্যপালের রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন বিজয়। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এর মাধ্যমে রাজ্যে প্রথমবার কোনও বিজেপি নেতার নেতৃত্বে সরকার গঠিত হতে যাচ্ছে। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
হরমুজ প্রণালিতে ইরানের নতুন ‘কর্তৃপক্ষ’
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাকাপোক্ত করতে ‘পারসিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ (পারস্য উপসাগরীয় প্রণালি কর্তৃপক্ষ) নামে নতুন একটি সংস্থা গঠন করেছে ইরান। এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যাতায়াতকারী প্রতিটি জাহাজকে তেহরানের বেঁধে দেওয়া কঠোর আর্থিক ও যুদ্ধসংক্রান্ত শর্তাবলি মেনে চলতে হবে। অর্থনৈতিক চাপে থাকা ইরানের জন্য এই নতুন ব্যবস্থা আয়ের একটি বড় উৎস হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।



