তামিলনাড়ুতে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথে এগোচ্ছেন অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। ছোট দলগুলোর সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর এখন মন্ত্রিসভা গঠন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, জোটের অংশ হিসেবে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চিকে (ভিসিকে) একটি মন্ত্রণালয় দেওয়া হবে। আর বাম দল—ভারতীয় কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও সিপিএমের জন্য রাখা হচ্ছে দুটি মন্ত্রণালয়।
ভিসিকে প্রধান মন্ত্রিসভায়?
রাজনৈতিক সূত্রগুলো বলছে, ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেই মন্ত্রিসভায় যোগ দিতে পারেন। এদিকে বুধবার বিজয়কে সমর্থন দিয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। জানা গেছে, বিজয়ের সম্ভাব্য মন্ত্রিসভায় কংগ্রেস দুটি মন্ত্রণালয় পাওয়ার আশা করছে রাহুল গান্ধীর দলটি। এ বিষয়ে কংগ্রেস নেতা গিরিশ চোদাঙ্কর ও প্রবীণ চক্রবর্তী টিভিকের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত
গত মাসের বিধানসভা নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। তবে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের জন্য ছোট দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হয় দলটিকে। শেষ পর্যন্ত কংগ্রেস, ভিসিকে, সিপিআই ও সিপিএমের সমর্থনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে টিভিকে।
নতুন অধ্যায়ের সূচনা
বিশ্লেষকদের মতে, ডিএমকে ও এআইএডিএমকের দীর্ঘদিনের দ্বৈত আধিপত্য ভেঙে বিজয়ের নেতৃত্বে গঠিত হতে যাওয়া এই জোট সরকার তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে।



