অখিলেশ যাদবের মমতার সঙ্গে বৈঠক, বিজেপি ও ইসির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ
অখিলেশ-মমতা বৈঠক: বিজেপি ও ইসির বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন সমাজবাদী পার্টির (এসপি) প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার মমতার বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে তিনি অভিযোগ করেন, বিজেপি এবং নির্বাচন কমিশন (ইসি) পরিকল্পিতভাবে ‘বহুস্তরীয় মাফিয়াগিরি’র মাধ্যমে বাংলার জনমত চুরি করেছে। শুক্রবার (৮ মে) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

সাবেক উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি, কমিশন, তাদের সহযোগী এবং গোয়েন্দারা একজোট হয়ে ভোট চুরি করেছে। কেউ কল্পনাও করতে পারেনি যে একটি নির্বাচনকে এভাবে প্রভাবিত করা সম্ভব।

কলকাতায় মমতার বাসভবনে প্রবেশের সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলিঙ্গন করেন অখিলেশ। এরপর মমতার কাঁধে শাল জড়িয়ে দিয়ে তিনি বলেন, দিদি, আপনি খুব ভালো লড়াই করেছেন। আপনি হারেননি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে অখিলেশ দাবি করেন, বাংলায় ‘বন্দুকের মুখে’ নির্বাচন হয়েছে। তিনি অভিযোগ করেন, জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বেছে নেওয়া কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল যেন তৃণমূলের পরাজয় নিশ্চিত করা হয়। বিনিময়ে তাদের ভালো পোস্টিংয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানিয়ে অখিলেশ বলেন, প্রায় ১০০টি আসনের ফলাফল বদলে দেওয়া হয়েছে। এছাড়া শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ চন্দ্রনাথ রথ খুনের ঘটনা উল্লেখ করে তিনি দাবি করেন, দিদি এবং অভিষেক শারীরিক বিপদের মুখে রয়েছেন। এ বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর জবাবদিহি দাবি করেন।

তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে বলে আশা প্রকাশ করে অখিলেশ বলেন, দিদি সংগ্রামের মানুষ। তিনি আশা হারাবেন না। বিজেপি সামন্তবাদী ও পুরুষতান্ত্রিক। একজন নারী এবং জনসংখ্যার অর্ধেকের প্রতিনিধিত্ব করার কারণেই দিদিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য বর্তমানে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে সমাজবাদী পার্টির ৪১ জন এবং তৃণমূলের ৪২ জন সংসদ সদস্য রয়েছেন।