কলকাতায় নির্বাচনী বিজয় উদযাপনের মিছিলে বুলডোজার বা জেসিবি (এক্সকাভেটর) ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। মঙ্গলবার বিজেপি সমর্থকদের বুলডোজার নিয়ে নিউ মার্কেট এলাকায় প্রবেশ এবং তৃণমূল কংগ্রেস কার্যালয়ে ক্ষতির চেষ্টার ঘটনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হলো। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
পুলিশ কমিশনার জানালেন কঠোর ব্যবস্থার কথা
কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, কোনও ধরনের রাজনৈতিক মিছিলে আর জেসিবি ব্যবহার করা যাবে না। তিনি জানান, কোনও জেসিবি মিছিলে অনুমতি দেওয়া হবে না। জেসিবি মালিকদের স্পষ্টভাবে জানানো হয়েছে, তারা যেন রাজনৈতিক মিছিলে তাদের যান ভাড়া না দেন। যদি কেউ রাজনৈতিক দলের কাছে জেসিবি ভাড়া দেন, তাহলে তা বাজেয়াপ্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবারের ঘটনা ও গ্রেফতার
মঙ্গলবারের ওই বুলডোজার মিছিলে শতাধিক বিজেপি সমর্থক অংশ নেন। মিছিলে থাকা একটি বুলডোজারের স্কুপারে চড়ে অনেকেই দলীয় পতাকা উড়াতে দেখা যায়। বুধবার এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে। মিছিলের সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন পুলিশ কমিশনার অজয় নন্দ। তিনি বলেন, কর্তব্যরত যেসব পুলিশ সদস্য সে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেননি, তাদের বিরুদ্ধেও বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে।
নতুন নির্দেশনা ও নিরাপত্তা ব্যবস্থা
বিজয় মিছিলের জন্য এখন থেকে পুলিশের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে বলে জানান তিনি। কমিশনার নন্দ বলেন, শহরজুড়ে ‘অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান’ চালানো হচ্ছে। এদিকে লালবাজার সূত্রে জানা গেছে, নির্বাচনের পরও কলকাতায় ৬৫ কোম্পানি কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন রয়েছে এবং ৪০টি মোটরসাইকেল টহল দল দিনরাত শহরজুড়ে নজরদারি চালাচ্ছে। গত দুই দিনের সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত মোট ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।



