ব্রাহ্মণবাড়িয়া আদালত চত্বর থেকে মাদক মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা
বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন– কনস্টেবল সোহেল রানা ও রয়েল বড়ুয়া। পুলিশ জানান, সোমবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের কানাইনগর থেকে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি শাহীন মিয়া ও সজল মিয়াকে গ্রেফতার করে বাঞ্ছারামপুর থানা পুলিশ।
ঘটনার বিবরণ
পরে মাদক মামলায় এই দুই আসামিকে মঙ্গলবার বিকালে একটি মাইক্রোবাসে করে অন্য আসামিদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার জন্য নিয়ে আসে পুলিশ। সে সময় আদালতে নেওয়ার আগেই দুই আসামি শাহীন ও সজল হাতকড়াসহ কৌশলে আদালত ভবনের নিচতলার বারান্দার গেট থেকে পালিয়ে যায়।
এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়রা ধাওয়া করে সজল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে অপর আসামি শাহীনকে বিজয়নগরের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।



