বিশ্বের রাজনৈতিক আকাশে প্রতিদিনই নতুন মেঘ জমছে, নতুন ঝড় উঠছে। বৈশ্বিক নীতি-নির্ধারণের নীরব সিদ্ধান্ত থেকে শুরু করে ভূ-রাজনীতির জটিল খেলা, কূটনীতির অদৃশ্য সুতো, সংঘাতের আগুন এবং প্রতিরক্ষা খাতের নীরব প্রস্তুতি— সবকিছু মিলিয়ে যেন এক অবিরাম পরিবর্তন চলছে। এই পরিবর্তনের প্রতিটি দৃশ্য আজকের বিশ্বব্যবস্থাকে নতুন করে গড়ে তুলছে, ভবিষ্যতের দিকনির্দেশনা দিচ্ছে। ৪ মে (সোমবার) বাংলা ট্রিবিউনে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনগুলোর কয়েকটি পাঠকদের মধ্যে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
হরমুজে পাহারার উদ্যোগ স্থগিত করলেন ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনার অগ্রগতি এবং পাকিস্তানসহ বিভিন্ন দেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে সহায়তার জন্য শুরু করা প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কার্যক্রমটি শুরুর মাত্র একদিন পরই এই সিদ্ধান্তের কথা জানালেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মমতার পদত্যাগ না করা নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা যা বললেন
নির্বাচনে পরাজয়ের পর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করতে অস্বীকৃতি জানানো দেশের ইতিহাসে নজিরবিহীন এবং এটি একইসঙ্গে সাংবিধানিকভাবে অগ্রহণযোগ্য ও অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট সাংবিধানিক বিশেষজ্ঞরা। মঙ্গলবার সংশ্লিষ্টরা জানিয়েছেন, মমতা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন কি না, তা খুব একটা গুরুত্বপূর্ণ নয়; কারণ সংবিধান অনুযায়ী গভর্নর একক সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাতে বাধ্য।
লন্ডন থেকে বাংলাদেশ রুটে বিমানের টিকিটের দাম বাড়লো
কোনও ধরনের আগাম ঘোষণা ছাড়াই যুক্তরাজ্য থেকে বাংলাদেশগামী টিকিটের ওপর ২০৭ পাউন্ড ট্যাক্স বা কর বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জাতীয় পতাকাবাহী সংস্থাটির এমন আকস্মিক সিদ্ধান্তে ব্রিটেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর চাপ বাড়লো। যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে বিমানের কান্ট্রি ম্যানেজার রিয়াদ সোলায়মান সাংবাদিকদের জানিয়েছেন, ঢাকা হেড অফিসের নির্দেশনায় সব রুটেই এই বর্ধিত হার ধার্য করা হয়েছে।
যুদ্ধ বন্ধে ‘এক পৃষ্ঠার’ সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ও ইরান
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান যুদ্ধ বন্ধে দুই পক্ষ একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। হোয়াইট হাউজ মনে করে, যুদ্ধ সমাপ্তি ও পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনার লক্ষ্য নিয়ে একটি ‘এক পৃষ্ঠার সমঝোতা স্মারক’ (এমওইউ) সই হতে পারে। দুই মার্কিন কর্মকর্তা ও এই বিষয়ে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ খবর জানিয়েছে। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।
ভোটার তালিকা সংশোধনেই ফুটলো পদ্ম, পতন মমতার
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিশাল জয়ের নেপথ্যে বিতর্কিত স্পেশাল ইনসিভ রিভিশন (এসআইআর) বা ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়ার এক বড় ভূমিকা থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল-এর এক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বিজেপি যেসব আসনে জয়লাভ করেছে, সেগুলোর মধ্যে ১০৫টি আসনেই দলটির জয়ের ব্যবধানের চেয়ে ভোটার তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি।
ইরানি শাসন ব্যবস্থা ভেঙে না পড়ার নেপথ্যে যে অদৃশ্য নেটওয়ার্ক
২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিগত ১২ মাসে ইরান এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, যা যেকোনও রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একের পর এক বড় হামলা, নিষেধাজ্ঞা, বিক্ষোভ সামলেও দেশটির শাসনব্যবস্থা কীভাবে টিকে আছে, তা নিয়ে বিশ্বজুড়ে চলছে বিভিন্ন বিশ্লেষণ। পর্যবেক্ষকদের মতে, কেবল রাষ্ট্রীয় শক্তি নয়, বরং দেশটির গভীরে ছড়িয়ে থাকা সামাজিক ও অর্থনৈতিক নেটওয়ার্কই একে পতনের হাত থেকে রক্ষা করছে।



