মাঠ প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের তথ্য দেওয়া এবং সমন্বয় বাড়াতে জেলা পর্যায়ে একজন করে ‘ফোকাল পার্সন’ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
ডিসি সম্মেলনে ঘোষণা
চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুবা ফারজানা বলেন, জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
সাংবাদিকদের সম্পৃক্ত করার নির্দেশ
সচিব জানান, জেলা পর্যায়ে বিভিন্ন সমন্বয় সভা ও প্রশাসনিক বৈঠকে স্থানীয় সাংবাদিকদের সম্পৃক্ত করার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সাংবাদিকদের তথ্য দিতে সহযোগিতার বিষয়ে মাহবুবা ফারজানা বলেন, “জেলা কো-অর্ডিনেশন মিটিংগুলোতে সাংবাদিকদের অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে, যাতে সহযোগিতামূলক পরিবেশে কাজ করা যায়। তাহলে তথ্যগুলো সরাসরি সভা থেকেই পাওয়া যাবে।”
আমলাতান্ত্রিক জটিলতা প্রসঙ্গে
মাঠপ্রশাসনের তথ্য পাওয়ার ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা প্রশ্নে সচিব বলেন, “টেলিভিশনে আসলে সবাই আসতে চাই না। এটাই স্বাভাবিক। টেলিভিশনে আমিও আসতে চাই না। কারণ আমাদের টেলিভিশনে আসার জন্য কিছু নীতিমালা আছে। আমাদের ক্যাবিনেট সেক্রেটারি স্যারের কাছ থেকে অনুমতি নিতে হয় যে, আমি সরকারি স্পোকসম্যান। সুইটেবল স্পোকসম্যান কিনা। সেই জিনিসটা আমাকে জানতে হয়। সে ক্ষেত্রে আপনারা রাইটিং যেটা ওটাই প্রচার করবেন।”



