ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী লিমনের মরদেহ ৪ মে দেশে আসছে
ফ্লোরিডায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ৪ মে ঢাকায়

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে দেশে আসবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বিষয়টি নিশ্চিত করেছেন।

মরদেহ পরিবহনের বিস্তারিত

গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে জানান, লিমনের মরদেহ ইতিমধ্যে ফিউনারেল হোম গ্রহণ করেছে। আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। অরল্যান্ডো থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা হবে, পথে দুবাইতে ট্রানজিট থাকবে।

জানাজার নামাজ অনুষ্ঠিত

এদিকে, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা শহরে নির্মম হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহামেদ লিমনের জানাজার নামাজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে অনুষ্ঠিত হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জানাজায় অংশগ্রহণ

ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, নিহত জামিলের খালা, মায়ামির বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল, গণমাধ্যমকর্মীসহ প্রবাসী বাংলাদেশিরা জানাজায় অংশগ্রহণ করেন।

ঘটনার বিবরণ

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত সপ্তাহে বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। একই ঘটনায় নিখোঁজ আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের অংশও উদ্ধার করেছে পুলিশ। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন জলাশয় থেকে মরদেহের অংশ উদ্ধার করা হয়।

এই হত্যাকাণ্ডে প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ